পিঠে দুধের শিশুকে বেঁধে কাদামাখা পথে হেঁটে চলেছে এক বালক। চোখে-মুখে ক্লান্তি, শরীরজুড়ে কাদা তবু থামছে না তার ছোট ছোট পা। হন্যে হয়ে খুঁজছে মা-বাবাকে। নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের সঙ্গে সম্পর্কিত দাবি করে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দৃশ্যটি গভীরভাবে নাড়া দিয়েছে মানুষকে। অনেকের মনে পড়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের নাগাসাকিতে ধারণ করা সেই ঐতিহাসিক ছবি যেখানে এক শিশুকে দেখা গিয়েছিল পিঠে তার মৃত ছোট বোনকে নিয়ে দাঁড়িয়ে থাকতে।
গত রবিবার থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, এক বালক পিঠে একটি দুধের শিশুকে বেঁধে নিয়ে ঘুরছে। শিশুটি কাঁদছে, আর বালকটি কাদা মাখা শরীর নিয়ে বারবার চারপাশে তাকিয়ে এগিয়ে যাচ্ছে যেন ধ্বংসস্তূপ আর ভিড়ের মধ্যেই কোথাও মা-বাবার দেখা মিলবে।
এখনও দুই শিশুর পরিচয় জানা যায়নি। @JeetN25 নামে এক ব্যবহারকারী এক্সে ভিডিওটি পোস্ট করে দাবি করেন, এটি নেপালের একটি হৃদয়বিদারক দৃশ্য। ভিডিওতে থাকা শিশুদের মুখে কষ্ট ও ক্ষতের চিহ্ন রয়েছে বলেও ক্যাপশনে উল্লেখ করা হয়।ভিডিওটি দেখে অনেকে আবেগাপ্লুত হয়ে শিশু দুটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। কেউ বালকটির সাহসের প্রশংসা করে তাকে 'ছোট্ট নায়ক' বলেছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন 'এত অল্প বয়সে জীবনের বোঝা এত ভারী হয়ে যায় কেন?'
তবে ভিডিওটি সত্যিই নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের কি না, তা এখনো নিশ্চিত নয়। এর স্থান, সময় ও শিশু দুটির পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবিটি নিয়ে সতর্ক থাকার পরামর্শই প্রযোজ্য।
তবু দৃশ্যটি অনেককে ফিরিয়ে নিয়ে গেছে ইতিহাসের এক বেদনাদায়ক ছবির কাছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাগাসাকিতে আমেরিকান সার্জেন্ট জো ও'ডনেল ধারণ করেছিলেন এক বালকের ছবি পিঠে ছিল তার মৃত ছোট বোন। পরবর্তী সময়ে ছবিটি যুদ্ধের ভয়াবহতার প্রতীকে পরিণত হয়।
নেপালের ভিডিওর শিশুটির পরিস্থিতি সেই ছবির বালকের সঙ্গে এক নয়। কিন্তু পিঠে ছোট বোনকে নিয়ে এক শিশুর নিঃসঙ্গ, অসহায় পথচলা সেই পুরোনো ক্ষতের স্মৃতিই যেন আবার জাগিয়ে তুলেছে। অনেকে তুলনা টেনেছেন জাপানি অ্যানিমেটেড চলচ্চিত্র গ্রেভ অব দ্য ফায়ারফ্লাইজ-এর সঙ্গেও, যেখানে যুদ্ধের মধ্যে দুই ভাইবোন সেতা ও সেতসুকোর বেঁচে থাকার সংগ্রাম উঠে এসেছে।
ভিডিওটির সত্যতা নিশ্চিত না হলেও কাদামাখা পথে পিঠে ছোট বোনকে নিয়ে মা-বাবার সন্ধানে ছুটে চলা শিশুটির দৃশ্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর আবেগের জন্ম দিয়েছে।
সূত্রঃ টিডিসি

Comments