শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

গাইবান্ধায় ইয়াবাসহ ছাত্রদল নেতা ও ভাই গ্রেফতার, বাবা পলাতক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা

প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬:১৯ পিএম

Shares
sharethis sharing button
গাইবান্ধায় ইয়াবাসহ ছাত্রদল নেতা ও ভাই গ্রেফতার, বাবা পলাতক

ছবি: বার্তা২৪.কম

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও তার ভাইকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের বাবা মো. চাঁন মিয়া কৌশলে দেয়াল টপকে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার।

গ্রেফতারকৃতরা হলেন মো. মিষ্টি ইসলাম মায়া (২৭) ও মো. মিথুন মিয়া (২৪)। তারা গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্য ধানগড়া গ্রামের বাসিন্দা। মিষ্টি ইসলাম মায়া বল্লমঝাড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বলে জানা গেছে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্য ধানগড়া এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। অভিযানকালে পলাতক আসামি মো. চাঁন মিয়ার বসতবাড়িতে মাদক বিক্রির পরিকল্পনার সময় তার দুই ছেলে মিষ্টি ইসলাম মায়া ও মিথুন মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় চাঁন মিয়া কৌশলে দেয়াল টপকে পালিয়ে যান।

পুলিশের দাবি, মিষ্টি ইসলাম মায়ার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫০ পিস ইয়াবা এবং মিথুন মিয়ার পকেট থেকে আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে ইয়াবাগুলো জব্দ করা হয়।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বলেন, এ ঘটনায় গ্রেফতার দুই ভাই ও পলাতক চাঁন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক চাঁন মিয়াকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মধ্যরাতে কুবির নজরুল হলে মারামারি, আহত ১

কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট ২০২৬, ২:৩৪ পিএম

Shares
sharethis sharing button
মধ্যরাতে কুবির নজরুল হলে মারামারি, আহত ১

ছবি: বার্তা২৪.কম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলে মেসেঞ্জার গ্রুপে দেওয়া বার্তাকে কেন্দ্র করে প্রাধ্যক্ষের কক্ষে সমাধানের উদ্দেশ্যে বসলে কক্ষের বাইরে হাতাহাতি ও মারামারিতে এক শিক্ষার্থীর মাথা ফাটার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মারুফ হোসাইন। অভিযুক্ত দুই শিক্ষার্থী অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইলিয়াস ইসলাম শুভ এবং মো. হুমায়ুন কবির।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ম্যাসেঞ্জার গ্রুপে 'জেসিডি' লেখাকে কেন্দ্র করে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সোহাগ চৌধুরী, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের আকাশ রাজ বংশী, আইন বিভাগের ফয়সাল আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের হাসিব হাসান ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মামুনুর রশীদের সাথে কথা বলতে গেলে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি সুরাহার উদ্দেশ্যে হল প্রাধ্যক্ষ তাঁর কক্ষে উভয় পক্ষকে নিয়ে আলোচনা করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন শিক্ষার্থীকে কক্ষের বাইরে যেতে বলা হয়। পরে কক্ষের সামনে কথা কাটাকাটির একপর্যায়ে ইংরেজি বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থী মারুফ হোসাইনকে মারধর করেন অর্থনীতি বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী ইলিয়াস ইসলাম শুভ ও মোহাম্মদ হুমায়ুন কবীর। এতে মারুফের মাথায় আঘাত লেগে তিনি আহত হন। তিনি বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আছেন।

হল প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মো. হারুন বলেন, পাঁচ তলায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটি সমাধানের জন্য দুই পক্ষকে নিয়ে আমরা আলোচনায় বসছি। এরমধ্যে বারবার ওরা এসে এইখানে বিশৃঙ্খলা করতে চেয়েছে। এক পর্যায়ে আমরা সবাইকে বের হয়ে যেতে বললে বাইরে ওদের মধ্যে মারামারি হয় এবং একজনের মাথা ফেটে যায়। আমরা হল প্রশাসন আলোচনা করে ওদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিব।

মহাসড়ক পার হতে গিয়ে ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,বগুড়া

প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট ২০২৬, ২:২৬ পিএম

Shares
sharethis sharing button
মহাসড়ক পার হতে গিয়ে ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত

ছবি: বার্তা২৪.কম

বগুড়ার মোকামতলায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির অজ্ঞাত একটি ট্রাকের চাপায় রফিকুল ইসলাম (৪৮) নামের এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম নওগাঁর পত্নীতলা বিজিবি ক্যাম্পে হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া ফরকের হাট এলাকায়।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচউদ্দিন বলেন, মোকামতলা ইউনিয়ন পরিষদের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন রফিকুল ইসলাম। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ওসি বলেন, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি শনাক্ত এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ আজ

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা

প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট ২০২৬, ২:১২ পিএম

Shares
sharethis sharing button
ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ আজ

ছবি: সংগৃহীত

বিশ্বে বায়ুদূষণের তালিকায় আজ রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ। যার বায়ুমান স্কোর ১৬১। বাতাসের এই অবস্থার মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

শনিবার (২২ আগস্ট) সকালে বৃষ্টির পরও সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৮৭ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৬৫ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানীর কাম্পালা।

এছাড়া ১৬২ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এর পরের অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানীর ঢাকা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) রাজধানী কিনশাসা, বাহারাইনের মানামা এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার মতো শহরগুলো দূষণে ওপরের দিকে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী

প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট ২০২৬, ২:১০ পিএম

Shares
sharethis sharing button
নোয়াখালীতে জমি  নিয়ে বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

ছবি: বার্তা২৪.কম

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যাহ হাওলাদার (৮৪) নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল তিনটার দিকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, গত ১২ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. আমিন উল্যাহ উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক গ্রামের মৃত মজু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির সামনে দখলীয় নাল জমিতে ধান চাষ করতে গেলে প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলার শিকার হন আমিন উল্যাহ হাওলাদার ও তার পরিবারের সদস্যরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আমিন উল্যাহসহ পরিবারের আটজন সদস্য গুরুতর আহত হন। পরে আহত আমিন উল্যাহ হাওলাদার এবং তার দুই ছেলে আনোয়ার হোসেন ও জাকের হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় আমিন উল্যাহ হাওলাদার ও আনোয়ার হোসেনকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে আমিন উল্যাহ হাওলাদারের মৃত্যু হয়।

আহত জাকের হোসেন বলেন, পৈত্রিক সম্পত্তিতে কয়েক যুগ ধরে তারা চাষাবাদ করে আসছেন। সম্প্রতি স্থানীয় অপর একটি পক্ষ ওই জমি নিজেদের দাবি করে দখলের চেষ্টা চালায়। এ নিয়ে মামলাও চলমান রয়েছে, তবে জমিতে কোনো নিষেধাজ্ঞা নেই। গত ১২ আগস্ট অন্যান্য বছরের মতো রোপা আমন ধানের চারা লাগাতে গেলে প্রতিপক্ষের একরাম (৫০), আহছান উল্যাহ (৪৫), ইয়াকুব (৩৫), ফয়েজ উল্যাহ (৪২), সিরাজ (৪১), সালাউদ্দিন খোকন (৫২), ইসমাইল (২৫), আফসার (২৪), সাহাব উদ্দিন (৪০) সহ ৩০/৪০ ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পরিবারের আট সদস্যকে গুরুতর আহত করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, জমির মালিকানা নিয়ে বিরোধের ঘটনায় সংঘর্ষে আহত আমিন উল্যাহ হাওলাদার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বলেন, দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে এবং উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।

ওসি আরও বলেন, নিহতের পক্ষের দায়ের করা মামলায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। বিবাদী পক্ষের এক ব্যক্তিও মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।