ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গভীর রাতে চার নারীসহ ‘আটক’ ইউপি চেয়ারম্যান

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২৬ জুন ২০২৬

গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব লায়নকে (৬২) গভীর রাতে নারীসহ আটক করেছেন স্থানীয়রা। এসময় চার নারীসহ সাতজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) দিনগত গভীর রাতে সাঘাটা উপজেলার কচুয়া বাজার বাগান বাড়ি থেকে তাদের থানা হেফাজতে নেয় পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্যমতে, ইউপি চেয়ারম্যান আহসান হাবিব দীর্ঘদিন ধরে কচুয়া বাজারের বাগান বাড়িতে নিয়মিত বিভিন্ন স্থান থেকে নারী নিয়ে এসে অনৈতিক কাজ করতেন এবং প্রভাবশালী ব্যক্তিদের কাছে সরবরাহ করতেন। বৃহস্পতিবার রাতে চারজন নারী বাগান বাড়ি প্রবেশ করেন। স্থানীয়রা টের পেয়ে ওই বাড়ি ঘিরে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে চার নারীসহ সাতজনকে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী হারুন মিয়া বলেন, রাত সাড়ে ১১টার দিকে একটি মাইক্রোবাসে করে চারজন নারী ওই বাগান বাড়িতে প্রবেশ করে। আধাঘণ্টা পর মাইক্রোবাসটি খালি বের হয়ে গেলে সন্দেহ হয়। পরে আমরা বাড়িটি ঘিরে রেখে ওসিকে ফোন দিই। তিনি পুলিশে পাঠাতে গড়িমসি করেন। পরে আমরা ৯৯৯ নম্বরে ফোন দেই। তার আধাঘণ্টা পর পুলিশ বাগান বাড়িতে প্রবেশ করে। পুলিশের সঙ্গে স্থানীয়রা প্রবেশ করে চেয়ারম্যানসহ তিন পুরুষ ও চার নারীকে বিবস্ত্র অবস্থায় তিনটি রুমে পড়ে থাকতে দেখেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে শুক্রবার (২৬ জুন) দুপুর ১টার দিকে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব হোসেন বলেন, ‌‘চার নারীসহ সাতজন থানা হেফাজতে আছেন। তারা আটকও না গ্রেফতারও না।’

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘বিষয়টি রাজনৈতিক নেতারা হ্যান্ডেল করছেন।’ এ কথা বলেই তিনি ফোনের সংযোগ কেটে দেন।

বিজ্ঞাপন

আনোয়ার আল শামীম/এসআর/এএসএম

বিজ্ঞাপন

পরবর্তী খবর

চরের বালুর নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলি, প্রাণ গেলো বিএনপি নেতার ভাতিজার

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২৬ জুন ২০২৬

পাবনার সদর উপজেলার পদ্মার চরে অবৈধ বালু উত্তোলনের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মঞ্জু শেখ (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত মঞ্জু সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের ভাতিজা বলে জানা গেছে।

শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলা ভাঁড়ারা ইউনিয়নের মধ্যচরের জোতকাকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রেজিনুর রহমান।

নিহত মঞ্জু শেখ (৪০) ইউনিয়নের জোতকাকুরিয়া গ্রামের দারোগ আলী শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ ও চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর ভাতিজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে পদ্মার মধ্যচরে একটি পক্ষ বালু উত্তোলন করছিল। ওই বালুর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবারও এ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন বালুর অবস্থান দেখতে গেলে তাদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। এতে মাথার পেছনে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মঞ্জু শেখ।

সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ বলেন, বালু তোলায় আমার ভাতিজা বাধা দিতে গেলে তাকে গুলি করে হত্যা করে। কারা বালু কাটছিল সে সম্পর্কে পরিষ্কারভাবে জানি না। তবে আমি এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার চাই।

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনুর রহমান বলেন, বালু কাটাকে কেন্দ্র করে মঞ্জু শেখকে মাথার পেছন দিকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে নিশ্চিতভাবে জানাতে পারবো, কারা কেন হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।

আলমগীর হোসাইন নাবিল/কেএইচকে/এএসএম

পরবর্তী খবর

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে মৃত্যু বেড়ে ৫৪

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৩:৪১ পিএম, ২৬ জুন ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে চলতি বছরের ১৭ মার্চ থেকে শুক্রবার (২৬ জুন) পর্যন্ত হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মোট ৫৪ শিশুর মৃত্যু হয়েছে হাসপাতালটিতে।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈনউদ্দিন খান।

হাসপাতাল সূত্র জানায়, মারা যাওয়া শিশুটির বয়স ছিল ৩ মাস ৫ দিন। হাম উপসর্গ নিয়ে গত ১৯ জুন তাকে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

এদিকে বর্তমানে হাসপাতালটিতে হাম উপসর্গ নিয়ে ৯১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে শিশুদের হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

হোসাইন সুলভ/এএইচ/জেআইএম

পরবর্তী খবর

ট্রেনে অভিযান চালিয়ে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি আটক

উপজেলা প্রতিনিধি | ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ০৩:০১ পিএম, ২৬ জুন ২০২৬

পাবনার ঈশ্বরদীর বাইপাস রেলওয়ে স্টেশনে চলন্ত ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পাকশী রেলওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) দিনগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতাররা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কল্যাণপুর এলাকার মোছা. সাজেমা বেগম (৪২) ও তার স্বামী মো. কাজল আহম্মেদ (৪৩)।

রেলওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। ট্রেনের ‘জ’ বগির ৭৬ ও ৭৭ নম্বর আসনে বসা ওই দম্পতিকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। এ সময় সাজেমা বেগমের ভ্যানিটি ব্যাগ থেকে ৫০ গ্রাম এবং কাজল আহম্মেদের প্যান্টের পকেট থেকে আরও ৫০ গ্রামসহ মোট ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটক দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

শেখ মহসীন/কেএইচকে/জেআইএম

News Hub
Icon
‘ধৈর্য হারিয়ে’ মুখোমুখি ছাত্রদল-শিবির, অস্থির শিক্ষাঙ্গন