মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

‘আমি আর পারছি না’, লাইভে কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম

প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১:০৫ পিএম

43 Shares
sharethis sharing button
‘আমি আর পারছি না’, লাইভে কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি

আবেগাপ্লুত জ্যোতিকা জ্যোতি

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ফেসবুক লাইভে এসে আবেগাপ্লুত হয়ে নিজের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেছেন।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় করা ওই লাইভে কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, দীর্ঘদিন ধরে মানসিক চাপ, অনলাইন হয়রানি ও কাজের সংকটে তিনি ভীষণভাবে বিপর্যস্ত। একপর্যায়ে তিনি বলেন, আমি আর পারছি না।

লাইভের শুরুতেই জ্যোতিকা বলেন, নিজের কষ্ট ভাগ করে নেওয়ার মতো কেউ নেই। তিনি বলেন, কোনো দুর্ঘটনা ঘটার পর আমরা অনেক কথা বলি। কিন্তু যে মানুষটি সেই অবস্থার মধ্যে থাকে, তার কষ্টটা সে-ই জানে। আমি নিজেকে সব সময় শক্ত রাখার চেষ্টা করেছি। কিন্তু এখন আর পারছি না।

অভিনেত্রীর দাবি, গত দুই বছর ধরে তার হাতে তেমন কোনো কাজ নেই। এ সময়ে তাকে নিয়মিত অনলাইন হয়রানি, কটূক্তি ও ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হয়েছে। আর্থিক সংকটের কথাও তুলে ধরে তিনি বলেন, অনেক সময় বাবা-মায়ের কাছ থেকে সাহায্য নিতে হচ্ছে, যা তাকে আরও মানসিকভাবে ভেঙে দিচ্ছে।

লাইভে জ্যোতিকা অভিযোগ করেন, ২০২৪ সালের পর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার ও হয়রানি বেড়ে যায়। তার ভাষ্য, নিজের রাজনৈতিক ও আদর্শিক অবস্থানের কারণে একাধিক পক্ষের সমালোচনা, হুমকি এবং অনলাইন বুলিংয়ের মুখোমুখি হতে হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে মামলাও হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় নিরাপত্তাজনিত কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেননি। বিভিন্ন সময় তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, যা তার জন্য অত্যন্ত কষ্টের।

জ্যোতিকা জানান, এসব ঘটনার প্রভাব পড়েছে তার পেশাগত জীবনেও। তার দাবি, অনেকেই তাকে নিয়ে কাজ করতে ভয় পান। ফলে অভিনয়জীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। তিনি বলেন, আমি কারও কাছে গিয়ে কাজ চাইতে পারি না। আপস করেও কাজ করতে পারি না। আমার জীবনটা নরকের মতো হয়ে গেছে।

লাইভে রাষ্ট্রের প্রতিও আবেদন জানান এই অভিনেত্রী। তিনি বলেন, বর্তমান পরিস্থিতির অবসান চান তিনি। একই সঙ্গে দীর্ঘদিনের মানসিক চাপের কারণে শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান।

লাইভের শেষদিকে আবেগাপ্লুত কণ্ঠে জ্যোতিকা বলেন, ‘আমি হেল্পলেস। আমি দুঃখিত, এভাবে আমার দুর্বলতা প্রকাশ করতে হলো। কিন্তু আমার আর শক্তি নেই। আমার মনে হচ্ছে, আমি আর ঘুরে দাঁড়াতে পারব না।’

জ্যোতিকা জ্যোতির এই ফেসবুক লাইভ এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অভিনেত্রী রিনা রহমান আর নেই

বিনােদন ডেস্ক, বার্তা২৪.কম

প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২:৫৯ পিএম

Shares
sharethis sharing button
অভিনেত্রী রিনা রহমান আর নেই

রিনা রহমান

ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অভিনেত্রী রিনা রহমান না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

সোমবার (৩ আগস্ট) রাত ৯টায় মৃত্যু হয়েছে তার। তার এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে।

এ অভিনয়শিল্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ও পরিচালক অনুভব মাহবুব। সোমবার দিবাগত রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে রিনা রহমানের একটি ছবি পোস্ট করে সেখানে এ তথ্য জানান তিনি।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন রিনা রহমান। এ অবস্থায় কাজ করে যাচ্ছিলেন। তবে অসুস্থতা ক্রমশ বাড়তে থাকায় কিছুদিন ধরে কাজে অনিয়মিত ছিলেন তিনি।

মৃত্যুর আগে এ অভিনেত্রী জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’য় অভিনয় করছিলেন। কিন্তু শারীরিক জটিলতার কারণে কিছুদিন ধরে এখানে অনিয়মিত ছিলেন রিনা রহমান।

এ অভিনেত্রী দীর্ঘ ক্যারিয়ারে টেলিভিশন, নাটক, চলচ্চিত্র ও মঞ্চে বৈচিত্রময় চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত কাজের মধ্যে রয়েছে নাটক ‘সংশপ্তক’ (১৯৮৭), চলচ্চিত্র ‘ঘানি’ (২০০৬), ‘ঠিকানা’ (১৯৯৪) এবং ‘মান অভিমান’র মতো জনপ্রিয় ধারাবাহিক।

প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা পরমেশ্বরন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম

প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২:১৪ পিএম

Shares
sharethis sharing button
প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা পরমেশ্বরন

ছবি: অনুপমা পরমেশ্বরন

‘প্রেমাম’খ্যাত অভিনেত্রী অনুপমা পরমেশ্বরনকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেম ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়ে। ইনস্টাগ্রামে তাঁর করা কয়েকটি আবেগঘন পোস্টকে কেন্দ্র করে অনেকে ধারণা করেন, অভিনেতা ধ্রুব বিক্রমের সঙ্গে তাঁর কথিত সম্পর্কের ইতি ঘটেছে। তবে এসব জল্পনার জবাবে স্পষ্ট বক্তব্য দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি তেলেগু সিনেমা ‘ক্রেজি কল্যাণম’-এর টিজার প্রকাশ অনুষ্ঠানে অনুপমা বলেন, তাঁর পোস্টগুলো কোনো সম্পর্ক বা বিচ্ছেদ নিয়ে ছিল না। বরং একজন নারী হিসেবে জীবনের পরিবর্তন, আত্ম-উপলব্ধি এবং নতুনভাবে এগিয়ে যাওয়ার অভিজ্ঞতাই তিনি তুলে ধরতে চেয়েছেন। তিনি বলেন, “এটা আমার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট। সেখানে কী পোস্ট করব, সেটা আমি ঠিক করব। আমি কোনো ক্ষোভ প্রকাশ করিনি। একজন নারীর জীবনের পরিবর্তনের একটি অধ্যায় নিয়ে কথা বলেছি, আর সেটা করতে পেরে আমি গর্বিত।”

অনুপমা পরমেশ্বরন

পোস্টগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ করে দেওয়া হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে অনুপমা বলেন, মানুষ তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে না জেনেই নানা ব্যাখ্যা দিচ্ছে। তাঁর ভাষায়, “আমার সম্পর্কে আপনি কী জানেন? আমার জীবন সম্পর্কে আপনি কী জানেন? এটা আমাদের ইনস্টাগ্রাম। আমরা যা ইচ্ছা, তাই পোস্ট করব।”

প্রায় পাঁচ মাস পর ইনস্টাগ্রামে ফিরে ভয় কাটিয়ে ওঠা, পরিবর্তনকে গ্রহণ করা এবং নতুনভাবে শুরু করার মতো বিষয় নিয়ে কয়েকটি পোস্ট করেছিলেন অনুপমা। এরপরই ধ্রুব বিক্রমের সঙ্গে তাঁর কথিত বিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়। তবে এ বিষয়ে অনুপমা বা ধ্রুব—কেউই কখনো তাঁদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি।

উল্লেখ্য, অনুপমা ও ধ্রুব ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত তামিল চলচ্চিত্র ‘বাইসন: কালামাডান’-এ একসঙ্গে অভিনয় করেন। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়। বর্তমানে অনুপমার নতুন সিনেমা ‘ক্রেজি কল্যাণম’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে তাঁর সঙ্গে আরও অভিনয় করেছেন নরেশ, তরুণ ভাস্কর ও অখিল উদ্দেমারি।

কোরিওগ্রাফার থেকে অভিনেতা, ‘গুলশানের চামেলি’তে এডলফ খান

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম

প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট ২০২৬, ৮:৩৭ পিএম

Shares
sharethis sharing button
কোরিওগ্রাফার থেকে অভিনেতা, ‘গুলশানের চামেলি’তে এডলফ খান

ছবি:এডলফ খান ও মধুমিতা সরকার

নাচের মঞ্চে যার পরিচিতি দীর্ঘদিনের, এবার সেই এডলফ খান আসছেন বড় পর্দায় নতুন পরিচয়ে। কোরিওগ্রাফির পর অভিনয়ের জগতে পা রাখছেন তিনি। নির্মাতা মো. ইকবালের আলোচিত সিনেমা ‘গুলশানের চামেলি’তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে।

সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত সিনেমাটির মহরত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এডলফ খানের নাম ঘোষণা করা হয়। ছবিতে তাকে দেখা যাবে একটি নেতিবাচক চরিত্রে, যা গল্পের গুরুত্বপূর্ণ মোড় তৈরি করবে।

নির্মাতা মো. ইকবাল জানান, এই চরিত্রের জন্য এমন একজন শিল্পী প্রয়োজন ছিল, যার উপস্থিতি পর্দায় আলাদা প্রভাব ফেলবে। এডলফ খানের ব্যক্তিত্ব ও অভিনয়ের প্রতি আগ্রহ বিবেচনা করেই তাকে বেছে নেওয়া হয়েছে।

এডলফ খান

নতুন সিনেমায় যুক্ত হয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এডলফ খানও। তিনি বলেন, কোরিওগ্রাফির পাশাপাশি অভিনয়ও তার ভালো লাগার একটি জায়গা। ‘গুলশানের চামেলি’তে এমন একটি চরিত্র পেয়েছেন, যেখানে নিজের অভিনয় দক্ষতা দেখানোর সুযোগ রয়েছে। দর্শকদের জন্য ভালো কিছু উপহার দিতে চান তিনি।

‘গুলশানের চামেলি’ শুধু একটি সিনেমা নয়, বরং সমাজের কিছু অন্ধকার বাস্তবতার গল্প তুলে ধরবে। সিনেমাটিতে উঠে আসবে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের আড়ালে থাকা নানা ঘটনা।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। গল্পে তার চরিত্রকে ঘিরেই এগিয়ে যাবে সিনেমার মূল কাহিনি।

এডলফ খান

এডলফ খান ও মধুমিতা সরকারের পাশাপাশি সিনেমাটিতে থাকছেন আজমেরী হক বাঁধন, রোজিনা, ওমর সানি, আমিন খানসহ দুই বাংলার একাধিক পরিচিত মুখ।

নির্মাতার প্রত্যাশা, ব্যতিক্রমী গল্প, শক্তিশালী চরিত্র এবং তারকাবহুল অভিনয়ের কারণে ‘গুলশানের চামেলি’ দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে। এখন দর্শকের অপেক্ষা—নতুন পরিচয়ে এডলফ খান কতটা মুগ্ধ করতে পারেন বড় পর্দায়।

এক যুগ পর সিডনির মঞ্চে আলো ছড়ালেন রুনা লায়লা

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম

প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট ২০২৬, ৭:৪৮ পিএম

Shares
sharethis sharing button
এক যুগ পর সিডনির মঞ্চে আলো ছড়ালেন রুনা লায়লা

ছবি: রুনা লায়লা

এক যুগ পর আবারও অস্ট্রেলিয়ার সিডনির মঞ্চে ফিরলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। তার সুরের জাদুতে এক সন্ধ্যায় মুগ্ধ হলেন হাজারো প্রবাসী বাংলাদেশি।

শনিবার সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে আয়োজিত ‘বাংলাদেশ নাইট ২০২৬’ অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে ওঠেন রুনা লায়লা। তাকে একনজর দেখতে এবং সরাসরি গান শুনতে ভিড় করেন অসংখ্য দর্শক। অনুষ্ঠানটি পরিণত হয় প্রবাসী বাঙালিদের এক বড় সাংস্কৃতিক মিলনমেলায়।

রুনা লায়লা

মঞ্চে রুনা লায়লা উঠতেই দর্শকরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। এরপর একে একে পরিবেশন করেন তার জনপ্রিয় বেশ কিছু গান। ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’, ‘যখন থামবে কোলাহল’, ‘বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না’সহ আরও অনেক গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন তিনি।

বিশেষ মুহূর্ত তৈরি হয় ‘দমাদম মাস্ত কালান্দার’ গানটির সময়। রুনা লায়লার সঙ্গে কণ্ঠ মেলান উপস্থিত দর্শকরাও। সাত সদস্যের যন্ত্রীদলের সঙ্গে তার পরিবেশনা পুরো মিলনায়তনকে প্রাণবন্ত করে তোলে।

এর আগে ২০০৭ সালে সিডনি অপেরা হাউসে একক সংগীতানুষ্ঠানে অংশ নিয়েছিলেন রুনা লায়লা। এরপর ২০১৪ সালে ‘প্রবাস পরবনী বেঙ্গল সাংস্কৃতিক উৎসব’-এ অংশ নেন তিনি। দীর্ঘ বিরতির পর আবার সিডনির মঞ্চে তার উপস্থিতি প্রবাসীদের মধ্যে তৈরি করে ব্যাপক উচ্ছ্বাস।

রুনা লায়লা

অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের অনেকেই জানান, এটি শুধু একটি গানের অনুষ্ঠান নয়, বরং প্রবাসে থেকেও নিজের দেশ, সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে নতুন করে যুক্ত হওয়ার এক আবেগঘন আয়োজন।

রুনা লায়লার আগে অনুষ্ঠানে গান পরিবেশন করেন ইমন চৌধুরী, আলেয়া বেগম, পিন্টু ঘোষ, মিথুন চক্র ও মৃধা শিবলু।

সিডনির পর এবার মেলবোর্নে গানের আসর বসাবেন রুনা লায়লা। আগামী শনিবার সেখানে তার পরবর্তী আয়োজন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।