ছাত্রদলের কর্মসূচিকে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ হিসেবে দেখিয়ে বিজ্ঞপ্তি দিল ঢাবি

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ১৮:৩০

Thumbnail
ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো © সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অফিসিয়াল ফেসবুক পেজ ও শিক্ষার্থীদের ইনস্টিটিউশনাল ই-মেইলে প্রকাশিত সাপ্তাহিক কার্যক্রমের তালিকায় ছাত্রদলের একটি কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে এ ঘটনায় ব্যাখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।
 
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে ‘ঢাবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য’ শিরোনামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একই বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইনস্টিটিউশনাল ই-মেইলেও পাঠানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষা, গবেষণা, অবকাঠামো উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা, জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে বিভিন্ন কর্মসূচি, গবেষণা কার্যক্রম, সেমিনার, বৃত্তি, নতুন ল্যাব উদ্বোধন, আন্তর্জাতিক সম্মেলন, ভাষা কোর্স, বিভিন্ন হল ও বিভাগের অনুষ্ঠানসহ মোট ৩২টি কার্যক্রমের বিবরণ তুলে ধরা হয়।
 
তবে এসবের মধ্যে ২৬ নম্বর ধারায় উল্লেখ করা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষের কাছে একটি ফগার মেশিন হস্তান্তর করেছেন। একই ধারায় হল সংসদের উদ্যোগে ‘যুক্তরাষ্ট্রীয় ফেডারেল ব্যবস্থা: বাংলাদেশ প্রেক্ষিতে প্রাসঙ্গিকতা ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভার কথাও উল্লেখ করা হয়।
 
এতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে একটি ছাত্রসংগঠনের কর্মসূচিকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।
 
বিষয়টি নিয়ে দ্য ঢাকা ডায়েরির সঙ্গে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম।
 
তিনি বলেন, প্রতি সপ্তাহেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও আবাসিক হল থেকে সাপ্তাহিক কার্যক্রমের তথ্য সংগ্রহ করে তা একত্রিত করে প্রকাশ করা হয়।
 
রফিকুল ইসলাম বলেন, “আমরা প্রতি সপ্তাহে হালনাগাদ সব তথ্য প্রকাশ করি। এ জন্য বিভিন্ন বিভাগ ও হল থেকে তাদের কার্যক্রমের তালিকা চাওয়া হয়। তারা যে তথ্য পাঠায়, আমরা সেগুলো সংকলন করে প্রকাশ করি। সংশ্লিষ্ট হল থেকে পাঠানো তালিকায় বিষয়টি ছিল। ভবিষ্যতে আমরা এ বিষয়ে আরও সতর্ক থাকব, যাতে কোনো একক ছাত্রসংগঠনের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রমের তালিকায় অন্তর্ভুক্ত না হয়।”
 
প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে সংকলন প্রকাশ, ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ নির্মাণ, ‘জুলাই কর্নার’ স্থাপন, বিভিন্ন হল ও বিভাগের আলোচনা সভা, সেমিনার, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, গবেষণা কার্যক্রম, আন্তর্জাতিক সহযোগিতা, নতুন ল্যাব উদ্বোধন, বৃত্তি প্রদান, রাশিয়ান ভাষা কোর্স চালু, আন্তর্জাতিক গবেষণা সম্মেলনের ঘোষণা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের তথ্যও তুলে ধরা হয়।