‘শিবির মিডিয়া সেল’ নামের একটি ফেসবুক পেজ থেকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে জড়িয়ে ভুয়া ছবি ও ভিডিও ছড়ানো হচ্ছে। পেজটির আগের পোস্টগুলোর অধিকাংশই জামায়াত-শিবিরের প্রশংসামূলক।
অশ্লীল ভঙ্গিমার ভিডিওগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, অন্যের শরীরে প্রতিমন্ত্রীর মাথা জুড়ে দিয়ে কনটেন্ট তৈরি করা হয়েছে। ঠোঁট নাড়ানোর কিছু দৃশ্য আবার এআই নির্মিত।
সম্প্রতি জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের বিভিন্ন আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। এরপর দল থেকে তাকে বহিষ্কার করা হয়। এরই প্রেক্ষিতে বিএনপি নেতা ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে হেয় প্রতিপন্ন করতে এমনটা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
ফরহাদ হোসেন কালবেলাকে জানিয়েছেন, কয়েক দিন ধরে সাংবাদিক পরিচয়ে তার কাছে চাঁদা দাবি করছিল একটি চক্র। পাশাপাশি গাজী নজরুল ইসলামকে নিয়ে বক্তব্য দেওয়ায় জামায়াত শিবিরের কর্মীরা তার ওপর ক্ষুব্ধ হয়।
প্রতিমন্ত্রীর কাছে চাঁদা দাবির একাধিক অডিও এই প্রতিবেদকের হাতে এসেছে। সেই আলাপনে এক ব্যক্তিকে নেশাগ্রস্ত অবস্থায় চাঁদা চাইতে শোনা যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি, অডিও ও ভিডিও তৈরির ঘটনা বিশ্বজুড়েই বেড়েছে। রাজনৈতিক ব্যক্তিত্বদের লক্ষ্য করে এমন কনটেন্ট ছড়িয়ে দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং জনমত প্রভাবিত করার আশঙ্কাও বাড়ছে।
শিবির মিডিয়া সেল নামের পেজটি শিবিরের সাংগঠনিক কোনো প্ল্যাটফর্ম নয়। তবে তাদের ভিডিওগুলো জামায়াত--শিবিরের প্রশংসামূলক হওয়ায় এটিকে ‘শিবিরপন্থী’ বলে অভিযোগ করছেন প্রতিমন্ত্রী।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পালকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় জীবনে ‘প্রথম শ্রেণিতে’ ফলাফল করা এই শিক্ষিকাকে নিয়ে তার সহপাঠী ও বর্তমানে বিসিএস শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপক মো. বদরুজ্জামান বাপ্পি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন।
পোস্টে তিনি লেখেন, ‘বিউটি পাল আমাদের ব্যাচমেট। ২০০৪-০৫ শিক্ষাবর্ষে আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হই। আমাদের ব্যাচে ছিলাম ৬০ জন। ২০১২ সালে স্নাতকোত্তর শেষ করার পর বর্তমানে আমাদের ব্যাচের ৮ জন বাংলাদেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। যুক্তরাষ্ট্র ও কানাডার নামকরা বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করছেন ৫ জন। বিসিএস ক্যাডার হয়েছেন ৭ জন, নন-ক্যাডার সরকারি চাকরিতে আছেন ৫ জন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক, সরকারি ও বেসরকারি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের সহপাঠীরা দেশের সেবায় নিয়োজিত।’
তিনি আরও লেখেন, ‘বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে অবহেলিত স্তরগুলোর একটি হলো প্রাথমিক শিক্ষা। সেই স্তরেই কাজ করছেন আমাদের দুই সহপাঠী—বিউটি পাল এবং মাসুদুল ইসলাম রানা। দুজনেরই ফলাফল ছিল ফার্স্ট ক্লাস, যোগ্যতাও ছিল উজ্জ্বল। তবু তারা বড় শহরের চাকরি বা বিশ্ববিদ্যালয়ের আরামদায়ক পরিবেশের পরিবর্তে বেছে নিয়েছেন প্রত্যন্ত গ্রামের শিশুদের শিক্ষাদানের পথ।’
তার ভাষ্য, ‘তারা ছেড়ে এসেছেন সিলেট শহরের আভিজাত্য, বিশ্ববিদ্যালয়ের বড় বড় শীতাতপনিয়ন্ত্রিত ভবন, সমৃদ্ধ লাইব্রেরির সুযোগ-সুবিধা। আজ তারা কাজ করছেন এমন বাস্তবতায়, যেখানে শিক্ষকদের বই কেনার জন্য ২০০ টাকারও প্রণোদনা নেই, নেই ৫০ টাকার ইন্টারনেট ভাতাও। তারপরও নিজের অর্থ ব্যয় করে তারা শিশুদের পড়িয়ে যাচ্ছেন।’
তার আরেক সহপাঠীর অবস্থা তুলে ধরে তিনি লেখেন, ‘মাসুদুল ইসলাম রানা কর্মরত কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার প্রত্যন্ত এলাকার পাওন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। একবার আমরা কয়েকজন বন্ধু তার স্কুল দেখতে গিয়েছিলাম। সময়টা ছিল অক্টোবর মাস, হাওরের উত্তাল মৌসুম। বিশাল ঢেউয়ে নৌকা বারবার দুলছিল। সেই যাত্রায় আমরা ভয়ে আয়াতুল কুরসি পড়তে পড়তে নৌকাডুবির আশঙ্কা থেকে রক্ষা পাই। রানার বাড়িতে আমাদের জন্য অনেক আয়োজন ছিল, কিন্তু ঢাকার বন্ধুরা আতঙ্কে ঠিকমতো খেতেও পারেনি। রানার কথা উঠলেই সেই ট্রমাটিক স্মৃতিগুলো ফিরে আসে।’
আজকের সেই গ্রামও নানা সংকটে জর্জরিত উল্ল্যেখ করে তিনি বলেন, এবার আসি আলো জ্বলমলে শহরের বিপরীতে ২০২৬ সালের রানার গ্রামে, যেখানে ১২ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হয়। এমন এক বাস্তবতা, যেখানে গ্রীষ্মের গরমের চেয়ে প্রবাসী আয়ের প্রভাব বেশি আলোচিত। যেখানে অনেক সময় মানুষ নিজের কল্যাণের চেয়ে অন্যের অকল্যাণ নিয়েই বেশি ব্যস্ত থাকে। সেইসব গ্রামে যেখানে আপনার ভাষণ নয়, ভূষণই মুখ্য। সেইসব গ্রামে যেখানে সবাই ইহকালের চেয়ে পরকালের কথা একটু বেশিইভাবে। তবে সেইসব গ্রামে যেখানে সুদের ব্যবসা হালাল হয়েছে, বহু আগেই। সেইসব গ্রামে যেখানে ধর্ম এখন আর আধ্যাত্মিকতা নয় বরং লৌকিকতা।’
তিনি আরও লেখেন, ‘সেইসব গ্রামে পরিবেশেই শিক্ষকরা ধীরে ধীরে ‘শিক্ষক’ থেকে শুধু ‘মাস্টার’ হয়ে যান—অবহেলা ও অবমূল্যায়নের ভারে। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করা রানা আর বিউটিরা আজ ক্লাস নেন এমন কক্ষে, যেগুলোর বাইরের রূপ মোটামুটি হলেও ভেতরের অবস্থা অত্যন্ত নাজুক। অথচ একসময় তারাই বিশ্ববিদ্যালয়ের আর্টসেল, শিরোনামহীন, মাইলসের কনসার্টে নেচেছেন, পহেলা বৈশাখে ‘নোঙর’ সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠানে অংশ নিয়েছেন।’
তিনি লেখেন, ‘সেই সাদাকালো গ্রামের বাস্তবতায় বিউটি পাল, মাসুদুল রানার ‘অপরাধ’ নীল রঙের শাড়ি পরা, হাসিমুখে শিশুদের পড়ানো, বাতাসে চুল উড়িয়ে স্বপ্ন দেখানো। তার ‘অপরাধ’—সুবিধাবঞ্চিত শিশুদের ইংরেজি শেখানো, বিনিয়োগী শিক্ষা ব্যবস্থায় বিনিয়োগে অসমর্থ গ্রামের শোষিত বাচ্চাদের টুইংকেল টুইংকেল লিটিল স্টার গাইতে শেখানো। যেন এসব শুধু শহরের শিশুদের জন্যই বরাদ্দ, গ্রামের শিশুদের জন্য নয়। গ্রামের বাচ্চারা সারাজীবন ইংরেজিতে দূর্বল থাকবে। ফেল করতে করতে কোন রকমে পাস করে ২৫ বছর বয়স হবে, বিয়ে করবে, সংসার করবে। জগতের সবচেয়ে সৃষ্টিশীল কাজ—মানব সন্তান জন্ম দিবে। আমাদের একমাত্র রপ্তানি পণ্য—আদম সন্তান, রপ্তানি করে সরকারের কোষাগার সমৃদ্ধ করবে।। জিডিপি এগিয়ে যাবে, কিন্তু হ্যাপিনেস ইনডেক্স শূন্য হবে। স্বামী বিদেশে, বউ স্বদেশে। ফলাফল উগ্র বিকারগ্রস্ত সন্তান।’
তিনি আরও লেখেন, ‘বিউটি পাল ও মাসুদুল ইসলাম রানার আরেকটি ‘অপরাধ’—গ্রামের শিশুদের বড় স্বপ্ন দেখতে শেখানো। সাহিত্যের ভাষায় যাকে বলা হয় ‘এসকেপিজম’। তারা বিদ্যমান বাস্তবতাকে মেনে নিতে শেখান না; বরং পরিবর্তনের স্বপ্ন দেখান। যদিও সমাজের চাপ অনেক সময় সেই স্বপ্নকেও বদলে দেয়।’
তিনি লিখেন, ‘মাস্টার্সের পাঠ্যসূচিতে আমরা মিশেল ফুকোর Madness and Civilization পড়েছিলাম। হয়তো সেই শিক্ষা থেকেই বুঝেছি—একটি অস্থির সমাজ, চাপের মুখে থাকা শিক্ষা ব্যবস্থা এবং অসংখ্য সীমাবদ্ধতার মধ্যেও বিউটি পালের মতো শিক্ষকরা নেচে-গেয়ে শিশুদের শেখাতে পারেন। এটাই তাদের শক্তি, এটাই তাদের স্বপ্ন। স্যালুট বিউটি পাল, মাসুদুল ইসলাম রানা এবং তোমাদের মতো শত শত স্বপ্নবাজ শিক্ষককে ‘
শেষে দিনি লিখেন, ‘আমি নিজেও একজন শিক্ষক। ১৩ বছরের শিক্ষকতা জীবনে রুটিনের একটি ক্লাসও মিস করিনি। হয়তো আমারও কিছু পাগলামি আছে। স্ট্রাকচারালিজমের বিপরীতে প্রতিবাদের ভাষা হিসেবে এলোমেলো চুল রেখেছি। এখনও বিশ্বাস করি—শিক্ষার মাধ্যমেই বদলে যেতে পারে বাংলাদেশ।’