বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

দিনের আলোয় ডাকাতি : জোসে মরিনহো

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম

আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম

দিনের আলোয় ডাকাতি : জোসে মরিনহো

ছবি : সংগৃহীত

আটলান্টা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কের ঝড় কাটতে না কাটতেই আবার নতুন বিতর্ক।

মঙ্গলবারের রাউন্ড অফ সিক্সটিনে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের বিতর্কিত জয়ের পর প্রশ্ন উঠেছে—ফুটবল কি আর খেলা, নাকি রাজনীতির পিয়াদা?

বিশ্বচ্যাম্পিয়নরা ম্যাচের শেষ দিকে অসাধারণ কামব্যাক করলেও, মিসরের দ্বিতীয় গোল বাতিলের অস্বাভাবিক ভিএআর সিদ্ধান্ত ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে সমালোচনার ঝড় বইছে। মাত্র একদিন আগেই ট্রাম্প ফিফাকে ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানান, যা ফিফা মেনে নেয়। যদিও বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে স্বাগতিকরা বিদায় নেয়।

মেসি ফ্যাক্টর
মিসর কোচ হোসাম হাসান বেইন স্পোর্টসকে বলেন, হয়তো তারা মেসিকে টুর্নামেন্টে রাখতে চেয়েছিল। ফুটবলে কখনও কখনও কারিগরি দিকের বাইরের বাহ্যিক ফ্যাক্টর কাজ করে। বিশ্বচ্যাম্পিয়নরা প্রতি স্তরেই সাপোর্ট পেয়েছে।

হাসান বিশ্বকাপে প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এমলিয়ন বিজনেস স্কুলের অধ্যাপক সাইমন চ্যাডউইক মনে করেন, এর কারণেই কিছু কর্মকর্তা ‘পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত’ নিয়েছেন। 

তিনি আল জাজিরাকে বলেন, ‘বালোগুন ঘটনার পর কোন সিদ্ধান্ত ন্যায়সঙ্গত, আর কোনটি বিশ্বাসযোগ্য নয়—তা বোঝা মুশকিল।’

চ্যাডউইক আরও জানান, আর্জেন্টাইন প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। এই ফার-রাইট নেতা প্রায়ই ট্রাম্পের সমাবেশে যোগ দেন; ট্রাম্প তাকে তার ‘প্রিয় প্রেসিডেন্ট’ বলে আখ্যায়িত করেছেন।

‘দিনের আলোয় ডাকাতি’
ভিএআর সিদ্ধান্ত নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভের আগুন। জোসে মরিনহো ম্যাচটিকে আখ্যা দিয়েছেন ‘দিনের আলোয় ডাকাতি’। তবে ফুটবল বিশ্লেষক আলী এল গার্নি মনে করেন, ‘ডাকাতি শব্দটি হয়তো শক্ত। তবে সেই ৫০-৫০ সিদ্ধান্তগুলোতে আর্জেন্টিনাই লাভবান হয়েছে।’

গার্নির প্রশ্ন, ‘মিসরের গোলের আগের ফাউল স্পষ্ট ছিল। কিন্তু ভিএআর কতদূর পেছনে গিয়ে গোলের বৈধতা যাচাই করতে পারে? আর আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে মোহামেদ সালাহর ওপর একই ধরনের ফাউল হলেও ভিএআর হস্তক্ষেপ করেনি।’

চ্যাডউইক বলেন, ‘মারওয়ান আতিয়ার হালকা জার্সি টানা ও পায়ে পা দেওয়ার ঘটনা রেফারি ফাউল না ডাকলেও ভিএআর কেন সেটি ধরল—তা নিয়ে প্রশ্ন আছে।’

তারকা শক্তির প্রভাব
চ্যাডউইক ম্যাচ ফিক্সিংয়ের গুজব উড়িয়ে দিলেও স্বীকার করেছেন মেসির ‘বক্স অফিস আকর্ষণের’ প্রভাব। তিনি বলেন, ‘সন্দেহ নেই, মেসি এমন এক তারকা যাকে এই প্রতিযোগিতা হারাতে পারে না।’

তবে তিনি সমাধানও দিয়েছেন—ভিএআর কর্মকর্তাদের আলোচনা দর্শকদের শোনানো উচিত, যাতে সিদ্ধান্তের ভিত্তি স্পষ্ট হয়।

মিসরের খেলোয়াড়দের আবেগ নিয়ন্ত্রণে রাখা উচিত বলে মন্তব্য করলেও চ্যাডউইক স্বীকার করেন, ‘ভিএআর সিদ্ধান্ত তাদের প্রতারিত মনে করিয়েছে। এই প্রযুক্তি সন্দেহ কমাতেই তৈরি, কিন্তু এখানে এর ব্যবহার মানসিক প্রভাব ফেলেছে।’

বিশ্বকাপের ন্যায়পরায়ণতা নিয়ে প্রশ্ন তোলা এই ঘটনা ফুটবল ও রাজনীতির সীমারেখা কতটা ঘনীভূত হচ্ছে—তা নিয়ে এখন থেকেই জোর আলোচনা শুরু হয়েছে।

সূত্র : আল জাজিরা

সো

Daily Adin Logo

আর্জেন্টিনা ম্যাচের রেফারিং তদন্তের দাবি মিসরের

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০৫:০২ পিএম

আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৫:০২ পিএম

আর্জেন্টিনা ম্যাচের রেফারিং তদন্তের দাবি মিসরের

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর রেফারিং নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন।

রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে সেগুলোর বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আটলান্টায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচ শেষে মিসরের প্রধান কোচ হোসাম হাসান প্রকাশ্যে রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। 

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ম্যাচের ফল ‘আগেই নির্ধারিত ছিল’ এবং ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে আগে থেকেই চাপ সৃষ্টি করা হয়েছিল।

এদিকে, মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা দাবি করেছেন, রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার সহকারী কর্মকর্তাদের টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে দায়িত্ব দেওয়া উচিত নয়। তার অভিযোগ, তাদের ভুল সিদ্ধান্ত ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মিসরের আপত্তি মূলত দুটি সিদ্ধান্ত নিয়ে। প্রথমত, ভিএআর পর্যালোচনার পর আগের একটি ফাউলের অজুহাতে মিসরের একটি গোল বাতিল করা হয়। দ্বিতীয়ত, আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে ফাউলের অভিযোগ থাকলেও ঘটনাটি ভিএআরের মাধ্যমে পর্যালোচনা করা হয়নি।

তবে মিসরের এই অভিযোগ ও তদন্তের দাবির বিষয়ে এখন পর্যন্ত ফিফা কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

সো

Daily Adin Logo

ভেবেছিলাম আমিই দলকে ডুবিয়ে দিলাম : মেসি

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০৩:৫৮ পিএম

আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৩:৫৮ পিএম

ভেবেছিলাম আমিই দলকে ডুবিয়ে দিলাম : মেসি

লিওনেল মেসি। ছবি : ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

ম্যাচের তখন ১৯ মিনিট। স্পট কিক থেকে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ আর্জেন্টিনার সামনে। এই সুযোগই কিনা মেসি কাজে লাগাতে পারলেন না! তার শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন মিসরীয় গোলকিপার মোস্তফা শোবের! মেসি ভেবেছিলেন, তার এই পেনাল্টি মিসই দলকে হারিয়ে দেবে!

যদিও পরের গল্পটা ভিন্ন। ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা ম্যাচটি জিতেছে ৩-২ গোলে। মেসি নিজে এই ৩ গোলের মধ্যে একটি করেছেন, আরেকটি করিয়েছেন। এরপরও পেনাল্টি মিসের আক্ষেপ কাটেনি মেসির।

ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে মেসির কথাতে সেটিই ফুটে উঠল, ‘পেনাল্টি মিস করার পর আমি ভীষণ রেগে গিয়েছিলাম নিজের ওপর। যেভাবে আমি শটটা নিয়েছি, তাতে আমার মনে হচ্ছিল, আমি পুরো দলকে ডুবিয়ে দিলাম।’

কোয়ার্টার ফাইনালে দলকে তোলার পর মেসি আরও বলেছেন, ‘২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানো সহজ নয়। পরবর্তী রাউন্ডে যেতে পেরে আমি খুশি এবং যেভাবে আমরা এটা করেছি তা নিয়েও। ২-০ হওয়ার পর পরিস্থিতি কঠিন হয়ে গিয়েছিল এবং আবারও ম্যাচটি নিজেদের দিকে ঘুরিয়ে নেওয়াটা অনেক রোমাঞ্চকর যাত্রা ছিল।’

মেসি এর আগেও আর্জেন্টিনার মানসিক শক্তি নিয়ে কথা বলেছেন। এবার তো তার দল নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার ২ বা তার চেয়ে বেশি গোলে পিছিয়ে থাকার পরও জিতেছে।

স্বাভাবিকভাবেই দলের হার না মানা মানসিকতার কথা আবারও বলেছেন মেসি, ‘এই দলটা আরও একবার প্রমাণ করেছে, যা আমি অনেকবার বলেছি। আর আমি এটা জানি কারণ আমি ওদের চিনি, আমি জানি ওরা কীভাবে কাজ করে। এই গ্রুপটি লড়াই করতে বা বিশ্বাস রাখতে জানে। ওদের পাশে থাকাটাও আমার জন্য একটি সম্মানের বিষয়; আমরা যেকোনো দলের বিরুদ্ধে লড়াই করব।’

সো

Daily Adin Logo

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ১২:৫০ পিএম

আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১২:৫০ পিএম

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

৪৮ দলের এই মহাযজ্ঞে শেষ পর্যন্ত টিকে রইল মাত্র ৮টি দেশ। নানা নাটকীয়তা, হৃদয়ভাঙা গল্প, অবিশ্বাস্য অঘটন আর মাঠের ভেতরের নানা বিতর্ক পেরিয়ে বিশ্বকাপ এখন তার চূড়ান্ত রোমাঞ্চের সন্ধিক্ষণে। বিশ্বজয়ের ট্রফিটা এখন আর মাত্র তিন ধাপ দূরে; কার মাথায় উঠবে ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্বের মুকুট? ফুটবল রোমাঞ্চের আসল মঞ্চ তো প্রস্তুত এখন, যেখানে প্রতিটি সেকেন্ডই লিখতে পারে নতুন কোনো ইতিহাস!

শেষ ষোলোয় সবচেয়ে বেশি নাটকীয়তা দেখা গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচে। মিসরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে লিওনেল স্কালোনির দল। তবে এই ম্যাচের পর রেফারিং নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বাতিল হওয়া একটি গোল এবং আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে ফাউলের অভিযোগ তুলে রেফারি ও ফিফার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেছে মিসর।

ফেবারিট হিসেবে টুর্নামেন্ট খেলতে আসা স্পেনও উঠেছে কোয়ার্টারে ফাইনালে। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে ১–০ গোলে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে বেলজিয়াম স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে জায়গা করে নিয়েছে শেষ আটে।

শেষ আট নিশ্চিত করেছে ফ্রান্সও। প্যারাগুয়ের বিপক্ষে ১–০ গোলের জয়ে সহজেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ২০২২ সালের রানার্সআপরা। তাদের প্রতিপক্ষ মরক্কো, যারা আফ্রিকার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। মরক্কো শেষ আটে উঠেছে স্বাগতিক কানাডাকে ৩–০ গোলে হারিয়ে।

ইংল্যান্ডের কোয়ার্টারে উঠতে অবশ্য লড়াই–ই করতে হয়েছে। টুর্নামেন্টের সহ–আয়োজক মেক্সিকোকে ৩–২ গোলে হারিয়ে হ্যারি কেইনরা এখন শেষ আটে। সেখানে তাঁদের প্রতিপক্ষ বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের জন্ম দেওয়া নরওয়ে। আর্লিং হলান্ডের জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে নরওয়ে হারিয়েছে ২–১ গোলে।

শেষ ষোলোর সবচেয়ে নিষ্প্রাণ ম্যাচটি ছিল কলম্বিয়া ও সুইজারল্যান্ডের। ১২০ মিনিটেও কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপের সেই লড়াইয়ে সুইজারল্যান্ড ৪–৩ ব্যবধানে জিতে শেষ আটে উঠেছে। যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

কোয়ার্টার ফাইনালের সূচি
বৃহস্পতিবার, ৯ জুলাই
ফ্রান্স বনাম মরক্কো
বাংলাদেশ সময় রাত ২টা
ভেন্যু: জিলেট স্টেডিয়াম, ফক্সবরো, ম্যাসাচুসেটস

শুক্রবার, ১০ জুলাই
স্পেন বনাম বেলজিয়াম
বাংলাদেশ সময় রাত ১টা
ভেন্যু: সোফি স্টেডিয়াম, ইনগলউড, ক্যালিফোর্নিয়া

শনিবার, ১১ জুলাই
নরওয়ে বনাম ইংল্যান্ড
বাংলাদেশ সময় রাত ৩টা
ভেন্যু: হার্ড রক স্টেডিয়াম, মায়ামি গার্ডেনস

রোববার, ১২ জুলাই
আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড
বাংলাদেশ সময় সকাল ৭টা
ভেন্যু: অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি

এসএফ

Daily Adin Logo

টাইব্রেকার ভাগ্যে কলম্বিয়া বধ, আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০৯:৫৪ এএম

আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৯:৫৪ এএম

টাইব্রেকার ভাগ্যে কলম্বিয়া বধ, আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড

নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত ৩০ মিনিটেও দুই দলের আক্রমণভাগে সেই ধার দেখা যায়নি। মাঠের উত্তাপহীন লড়াইয়ের সব রোমাঞ্চ যেন এসে জমা হয়েছিল টাইব্রেকারে। আর সেখানেই চরম স্নায়ুযুদ্ধে নিজেদের ধরে রাখল সুইজারল্যান্ড। কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল সুইসরা।

ভ্যানকুভারে বাংলাদেশ সময় বুধবার ভোরে শেষ হওয়া ম্যাচে পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে জিতেছে সুইজারল্যান্ড। নির্ধারিত সময় ছিল গোলশূন্য ড্র।

১৯৫৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল সুইজারল্যান্ড। আসরে এখন পর্যন্ত অপরাজিত সুইসরা সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে শিরোপাধারী আর্জেন্টিনার বিপক্ষে, যারা সব ম্যাচই জিতেছে।

১২০ মিনিটের লড়াইয়ে বল দখলে একটু পিছিয়ে থাকলেও, আক্রমণে প্রতিপক্ষের চেয়ে এগিয়েই ছিল কলম্বিয়া। গোলের জন্য শটও বেশি নেয় তারা, তবে প্রতিপক্ষ গোলরক্ষককে খুব বেশি পরীক্ষায় ফেলতে পারেনি দলটি। তাদের ১৫ শটের তিনটিই কেবল লক্ষ্যে ছিল। আর সুইসদের সাত শটের দুটি ছিল লক্ষ্যে।

এরপর, টাইব্রেকারেও লক্ষ্যে শট রাখতে ভুগতে দেখা গেল কলম্বিয়াকে।

দুই দলই প্রথম শটে সফল হয়। তবে এরপরই, কলম্বিয়ার দ্বিতীয় শট নিয়ে ব্যর্থ হন দাভিনসন সানচেস, তার প্রচেষ্টা লক্ষ্যেই ছিল না। সেই সুযোগে জিকি আমদুনি সফল হলে এগিয়ে যায় সুইজারল্যান্ড।

কলম্বিয়ার তৃতীয় শট জালের ছোঁয়া পায়, কিন্তু সুইজারল্যান্ডের তৃতীয় শট নেওয়া মানুয়েল আকঞ্জি উড়িয়ে মারলে স্কোরলাইনে ২-২ সমতা থাকে।

চতুর্থ প্রচেষ্টায় কলম্বিয়ার কুচো এর্নান্দেসের শট ডান দিকে ঝাঁপিয়ে গ্রেগর কোবেল রুখে দেন। আর সেদ্রিক গোল করলে ৩-২ এ এগিয়ে থাকে ইউরোপের দলটি।

কলম্বিয়ার পরবর্তী শটে লুইস দিয়াস সফল হলে স্কোরলাইন হয় ৩-৩ এবং লড়াই জারি থাকে। তবে এরপর, রুবেন ভার্গাস জালে বল পাঠাতেই নিশ্চিত হয়ে যায় লড়াইয়ের ফল, উৎসবে মাতে সুইজারল্যান্ড।

মূল লড়াইয়ে উল্লেখযোগ্য কোনো ঘটনা ছাড়াই এগিয়ে যাচ্ছিল সময়। নির্বিঘ্নে সময় কাটছিল দুই গোলরক্ষকের। প্রথম হাইড্রেশন ব্রেকের আগে লড়াইয়ে প্রথম উত্তাপ ছড়ায়। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই।

২১তম মিনিটে ম্যাচের প্রথম ভালো সুযোগটি পায় কলম্বিয়া। ডি-বক্সের মুখ থেকে হাওয়ায় ভাসিয়ে দূরের পোস্টে জোরাল শট নেন গুস্তাভো পুয়ের্তা, ঝাঁপিয়ে সেটা রুখে দেন গোলরক্ষক।

প্রথম আধা ঘন্টা অন্য পাশের পোস্টে কোনোরকম ব্যস্ততা ছাড়াই পার করে দেওয়া কামিলো ভার্গাস প্রথম পরীক্ষার মুখে পড়ে ৩১তম মিনিটে। ফাবিয়ান রিয়েদেরের সেই প্রচেষ্টায় দৃঢ়তায় আটকে দেন কলম্বিয়ান গোলরক্ষক।

দুই মিনিট পর দান এনদোয়ের শটও রুখে দেন ভার্গাস। ওখান থেকে পাল্টা আক্রমণে উঠে লুইস দিয়াসের প্রচেষ্টা রক্ষণে প্রতিহত হয়।

দ্বিতীয়ার্ধেও চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণ। কিন্তু কেউই প্রতিপক্ষের ডি-বক্সে ভীতি ছড়াতে পারছিল না।

এই অর্ধে একমাত্র উল্লেখযোগ্য ঘটনা ঘটে ৬৩তম মিনিটে। সুইস রক্ষণের একটু ভুলে ডি-বক্সের বাইরে ফাঁকায় বল পেয়ে যান লুইস সুয়ারেস, সামনে একমাত্র বাধা ছিলেন গোলরক্ষক; কিন্তু অবিশ্বাস্যভাবে তার দুর্বল শট লক্ষ্যেও থাকল না।

দীর্ঘ সময়ে দুই দলের ধারহীন সব আক্রমণের মাঝে, ৯৯তম মিনিটে ভাগ্য সহায় হলে এগিয়ে যেতে পারতো কলম্বিয়া। কিন্তু কর্নারে ডিফেন্ডার লুকুমির হেড ক্রসবারে বাধা পায়।

পাঁচ মিনিট পর, হতাশা আরও বাড়ান সেরা ফরোয়ার্ড লুইস দিয়াস। ডি-বক্সে দারুণ পজিশনে বল পেয়েও, প্রতিপক্ষ বরাবর শট নিয়ে সুযোগটা নষ্ট করেন বায়ার্ন মিউনিখ তারকা।

পাঁচ মিনিট বাকি থাকতে ম্যাচের সেরা সুযোগটি পান হামিন্তন কাম্পাস। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে ডি-বক্সে ঢুকেও পড়েন তিনি, কিন্তু ওয়ান-অন-ওয়ানে অবিশ্বাস্যভাবে উড়িয়ে মারেন এই মিডফিল্ডার।

এরপর শুরু হয় টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী লড়াই, যেখানে একটি শট ঠেকিয়ে সুইজারল্যান্ডের নায়ক হয়ে যান গোলরক্ষক কোবেল।

এসএফ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল :

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

(cache)আর্জেন্টিনা ম্যাচের রেফারিং তদন্তের দাবি মিসরের | The Daily Adin