ঢাকা থেকে জামালপুরে নাটকের শুটিংয়ে যাওয়ার পথে টাঙ্গাইলের একটি পেট্রলপাম্পে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন চিত্রনায়িকা ফারিন খান। গভীর রাতে পাম্পের ওয়াশরুমে ঢোকার পর এক অজ্ঞাত ব্যক্তির হামলার চেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পান তিনি। সময়মতো চিৎকার করে বেরিয়ে আসায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পুরো ঘটনাটি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
ঘটনাটি ঘটে গত ১৩ মে রাত আনুমানিক সোয়া তিনটার দিকে। আসন্ন ঈদ উপলক্ষে নির্মিত একটি নাটকের শুটিংয়ে অংশ নিতে নিজের গাড়ি নিয়ে জামালপুর যাচ্ছিলেন ফারিন। পথে প্রয়োজনীয় কাজ সারতে টাঙ্গাইলের একটি পেট্রলপাম্পের ওয়াশরুমে ঢোকেন তিনি। সেখানে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই তিনি পেছনে কারও উপস্থিতি টের পান। পেছন ফিরে তাকাতেই দেখতে পান, ভেন্টিলেটর দিয়ে দুটি হাত তাঁর গলার খুব কাছে চলে এসেছে।
এই আকস্মিক ঘটনায় ফারিন চিৎকার শুরু করলে দুর্বৃত্তটি পালিয়ে যায়। অভিনেত্রীর চিৎকার শুনে তাঁর গাড়ির চালক দ্রুত এগিয়ে এসে সন্দেহভাজন ব্যক্তিকে ধরার চেষ্টা করলেও ততক্ষণে সে গা-ঢাকা দেয়। চালক জানান, ঘটনার কিছু আগে ওই ব্যক্তিকে পাশের একটি হোটেল থেকে ডিমের খোসা হাতে নিয়ে ওয়াশরুমের পেছনের দিকে যেতে দেখা গিয়েছিল, যা প্রথমে স্বাভাবিক মনে হলেও পরে আসল উদ্দেশ্য বোঝা যায়।
এই ঘটনার পর থেকে মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত ও আতঙ্কের মধ্যে রয়েছেন ফারিন খান। তিনি জানান, ওপরে ওপরে সাহস দেখালেও ভেতর থেকে তিনি এখনো স্বাভাবিক হতে পারেননি। এই ভয়াবহ অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি দেশে কর্মজীবী নারীদের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০১৭ সালে আরিফিন শুভর বিপরীতে জাজ মাল্টিমিডিয়ার একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় ফারিন খানের। প্রথম সিনেমার পর রুপালি পর্দায় তাঁকে আর নিয়মিত দেখা না গেলেও বর্তমানে তিনি নাটক ও ওযেব মাধ্যমে নিয়মিত কাজ করে যাচ্ছেন।