ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

হেফাজত আমির

‘মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম’

প্রকাশিত: ১৯:১৫, ৬ ফেব্রুয়ারি ২০২৬

‘মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম’

ছ‌বি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, মুসলমানদের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম এবং কোনো অবস্থাতেই তা জায়েজ হতে পারে না। একই সঙ্গে চট্টগ্রাম–২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরের প্রতি সমর্থন জানান তিনি।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট মাদরাসায় সহিহ বুখারি শরিফের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হেফাজত আমির এ মন্তব্য করেন। সেখানে উপস্থিত আলেম সমাজের উদ্দেশে তিনি বলেন, এটি তার কাছে একটি সাধারণ নির্বাচন নয়, বরং জামায়াতের বিরুদ্ধে একটি আদর্শিক লড়াই। তার ভাষায়, মওদুদির জামায়াতের সঙ্গে যারা জোট করেছে, তারাও একই ধারার অনুসারী।

শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী আরও বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে হেফাজতের মৌলিক ও আকিদাগত মতপার্থক্য রয়েছে। তার দাবি, জামায়াত দ্বিনের সঠিক ব্যাখ্যা উপস্থাপন করে না। তাই এই শক্তির উত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরসহ শীর্ষস্থানীয় আলেম-ওলামা এবং বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ.এইচ

×